সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে নারীদের উদ্দেশে প্রায়ই এমন বার্তা প্রচার করা হয়—‘স্বাবলম্বী নারী হও, পুরুষের ওপর নির্ভরশীল হয়ো না, নিজে আয় করো, নিজেকে প্রতিষ্ঠিত করো।’ কিছু নারী ব্লগারও বেশ উৎসাহের সঙ্গে এ ধরনের বক্তব্য প্রচার করেন। তবে মজার বিষয় হলো, এ ধরনের কনটেন্টের বাজার যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন একই প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিপরীত বার্তা ছড়ানো শুরু হয়। তখন বলা হয়, ‘নারী হও, পুরুষ নয়! নিজের নারীত্বের শক্তিকে জাগ্রত করো, কোমল হও এবং তোমার পুরুষের ওপর নির্ভর করো।’
এ ধরনের অবস্থান পরিবর্তন ও পরস্পরবিরোধী প্রচারণা মূলত জীবনধারা নিয়ে গড়ে ওঠা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ। দুঃখজনকভাবে, জীবন ও দাম্পত্য সম্পর্কের প্রকৃত পরামর্শের জায়গা দখল করে নিচ্ছে এসব কনটেন্ট। অথচ এগুলো পরিবারের নারী-পুরুষ কারও জীবনেই শান্তি বয়ে আনছে না কিংবা তাদের সমস্যার সমাধান করছে না। বরং অনেক ক্ষেত্রে নতুন সমস্যার জন্ম দিচ্ছে।
বাণিজ্যিক স্বার্থে পরিকল্পিত অবস্থান পরিবর্তন
ধর্মীয় গবেষক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মাহমুদ মুসাভি-হাসাব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু প্রভাবশালী ব্যক্তির বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পারিবারিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হয়ে উঠেছে।
তিনি বলেন, তাদের মধ্যে দ্বৈত ও কখনো কখনো পরস্পরবিরোধী আচরণ দেখা যায়। একদিন তারা প্রশিক্ষণ কোর্স, আত্মোন্নয়ন প্যাকেজ ও অডিও বইয়ের মাধ্যমে নারীর স্বাধীনতার ধারণা বিক্রি করেন। কিন্তু পরদিন যখন সেই পণ্যের বাজারে ক্রেতা কমে যায়, তখন একই জায়গায় ‘নারীসুলভ শক্তি’, ‘আর্কিটাইপ’ ও ‘কোমলতা’র মতো বিষয় তুলে ধরেন। অথচ এখানে দর্শক পরিবর্তিত হয়নি, তাদের প্রয়োজনও বদলায়নি; শুধু পণ্যের মোড়ক পরিবর্তন করা হয়েছে।
তিনি আরও বলেন, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, এই অবস্থান পরিবর্তনের পেছনে বেশ সচেতন পরিকল্পনা রয়েছে। ‘পুরুষের প্রয়োজন নেই’—এমন স্লোগানে আকৃষ্ট হয়ে আসা কোনো নারী কয়েক বছর পর বাস্তব জীবনে সংকটের মুখে পড়লে তাঁর মধ্যে অপরাধবোধ ও ব্যর্থতার অনুভূতি তৈরি হতে পারে। তখন তিনি দ্বিতীয় ধরনের প্রচারণার জন্য প্রস্তুত ক্রেতায় পরিণত হন। অর্থাৎ প্রথম বাজারই দ্বিতীয় বাজারের ক্রেতা তৈরি করে। অর্থনীতির ভাষায় একে বলা হয় ‘চাহিদা সৃষ্টি’ (Demand Creation)। এটি প্রকৃত কোনো প্রয়োজনের সমাধান নয়; বরং কৃত্রিমভাবে একটি প্রয়োজন তৈরি করে পরে তার সমাধান বিক্রি করার কৌশল।
মানুষকে নির্দিষ্ট সামাজিক পরিচয়ে সীমাবদ্ধ করার বিপদ
মানুষকে নির্দিষ্ট কোনো সামাজিক বা সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলার বিপদ সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, প্রথম ধরনের প্রচারণায় নারীকে ‘আয় ও স্বাবলম্বিতা অর্জনের যন্ত্র’ হিসেবে তুলে ধরা হয়। অন্যদিকে দ্বিতীয় ধরনের প্রচারণায় তাঁকে এমন এক কোমল সত্তা হিসেবে উপস্থাপন করা হয়, যার দায়িত্ব কেবল অন্যের ওপর নির্ভর করা। উভয় ক্ষেত্রেই নারীর জন্য একটি পূর্বনির্ধারিত ছাঁচ তৈরি করা হয়, যার সঙ্গে তাঁকে নিজেকে মানিয়ে নিতে হয়।
কিন্তু বাস্তব জীবন এসব নির্ধারিত ছাঁচের চেয়ে অনেক বিস্তৃত। আমাদের প্রয়োজন নারীর এমন একটি বাস্তবসম্মত ধারণা, যেখানে তিনি যেমন অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখবেন, তেমনি ক্লান্তির মুহূর্তে অন্যের ওপর নির্ভর করার অধিকারও রাখবেন। এ দুটি বিষয় পরস্পরবিরোধী নয়।
ইনস্টাগ্রামের কনটেন্ট কেন প্রকৃত পরামর্শের জায়গা দখল করছে?
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে—ইনস্টাগ্রামের কনটেন্ট কীভাবে প্রকৃত পারিবারিক পরামর্শের জায়গা দখল করে নিচ্ছে?
এর উত্তরে বলা যায়, প্রকৃত পারিবারিক পরামর্শের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যা বাণিজ্যিক কনটেন্টের বাজারে একে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় করে তোলে।
প্রথমত, প্রকৃত পরামর্শ ব্যক্তিভেদে আলাদা হয়। তাই একই পরামর্শ লাখ লাখ মানুষের কাছে অভিন্নভাবে দেওয়া সম্ভব নয়।
দ্বিতীয়ত, এর ফলাফল নিশ্চিত নয় এবং সমস্যার সমাধানে কয়েক মাসও লেগে যেতে পারে। ফলে এ ক্ষেত্রে ধৈর্য ধরতে হয়।
তৃতীয়ত, প্রকৃত পরামর্শদাতা কখনো কখনো বলতে পারেন, ‘সমস্যা আপনার মধ্যে নয়, বরং পরিস্থিতির মধ্যে’ অথবা ‘আপনার প্রত্যাশা বাস্তবসম্মত নয়।’ কিন্তু একজন গ্রাহক সাধারণত এমন কথা শুনতে চান না।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জীবনধারাবিষয়ক কনটেন্টের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। এগুলো সবার জন্য তৈরি, সহজে ছড়িয়ে দেওয়া যায়, তাৎক্ষণিক সন্তুষ্টি দেয় এবং প্রায় সব সময়ই দর্শকের মতামতকে সমর্থন করে।
ফলে বিশেষজ্ঞ পরামর্শের অভাবের সুযোগে এসব কনটেন্ট ‘সস্তা ও সর্বক্ষণ হাতের কাছে থাকা পরামর্শদাতা’র ভূমিকা পালন করছে। কারণ, প্রকৃত পারিবারিক পরামর্শ নেওয়া ব্যয়বহুল এবং অনেক শহর ও জনগোষ্ঠীর জন্য সহজলভ্য নয়।
তবে মনে রাখতে হবে, যে পরামর্শদাতার স্বার্থ সব সময় গ্রাহককে সমর্থন করার ওপর নির্ভরশীল, তিনি প্রকৃত অর্থে পরামর্শদাতা নন। বরং তিনি কেবল এমন একজন বিক্রেতা, যিনি গ্রাহককে তাঁর পছন্দমতো প্রতিচ্ছবি দেখান। ফলে মানুষের প্রকৃত সমস্যার সমাধানে তাঁর ভূমিকা খুবই সীমিত।
গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি
নারী হাওজা সেমিনারির শিক্ষক ও গবেষক নারজেস শোকরজাদে সমাজের, বিশেষ করে দম্পতিদের মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বা মিডিয়া লিটারেসি বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের জীবনধারাবিষয়ক কোনো পরামর্শ গ্রহণের আগে তিনটি প্রশ্ন করা শিখতে হবে। প্রথমত, এই কনটেন্টের মাধ্যমে আমাকে কী বিক্রি করা হচ্ছে? দ্বিতীয়ত, এর নির্মাতার স্বার্থ কী? তৃতীয়ত, এই পরামর্শ কি আমার জীবনের বিশেষ পরিস্থিতি ও সব দিক বিবেচনা করে তৈরি করা হয়েছে, নাকি এটি কোনো কাল্পনিক ও অভিন্ন দর্শককে সামনে রেখে তৈরি?
তাঁর মতে, এই তিনটি সহজ প্রশ্ন বিবেচনায় নিলেই অনেক বাণিজ্যিক প্রচারণার অসারতা স্পষ্ট হয়ে উঠবে।
তিনি আরও বলেন, পরিবারে বাহ্যিক চাকচিক্যপূর্ণ কিন্তু অন্তঃসারশূন্য স্লোগানের পরিবর্তে কার্যকর ও দক্ষতাভিত্তিক আলোচনার চর্চা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তৈরি করা কোনো জীবনধারার ছাঁচ অনুসরণ না করে দম্পতিদের নিজেদের প্রত্যাশা, দায়িত্ব বণ্টন, অর্থ ব্যবস্থাপনা এবং উভয় পরিবারের সঙ্গে সম্পর্কের সীমারেখা নিয়ে খোলামেলা ও স্পষ্টভাবে আলোচনা করতে শিখতে হবে।
যে দক্ষতা অর্জন করা জরুরি
নারী হাওজা সেমিনারির এই শিক্ষক ও গবেষক আরও বলেন, এ ধরনের আলোচনা নিজেই একটি দক্ষতা, যা অবশ্যই শিখতে হয়। এ দক্ষতা অর্জনের জন্য নির্ভরযোগ্য বই ও গবেষণাকর্ম অধ্যয়ন, বিশেষায়িত কর্মশালায় অংশগ্রহণ এবং অনুমোদিত ও দক্ষ বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি কিংবা অনলাইনে পরামর্শ নেওয়া প্রয়োজন। কেবল নিজেকে পরামর্শদাতা দাবি করলেই কাউকে বিশেষজ্ঞ মনে করা উচিত নয়।
প্রতিবেদনের শেষ পর্যবেক্ষণে বলা হয়, যত দিন পর্যন্ত দম্পতিদের মধ্যে প্রকৃত পরামর্শ গ্রহণ, আন্তরিক আলোচনা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরিবেশ তৈরি না হবে, তত দিন সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের বাজারে প্রতিদিনই নতুন নতুন প্যাকেজ আসতে থাকবে। কিন্তু এসব প্যাকেজের সঙ্গে মানুষের পারিবারিক জীবনের প্রকৃত প্রয়োজন ও বাস্তবতার কতটা সামঞ্জস্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
আপনার কমেন্ট